শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

পৃথিবীর প্রতিটি পেশাজীবী মানুষই বুদ্ধিজীবী এবং আমাদের কথিত বুদ্ধিজীবী সমাজ

পৃথিবীর প্রতিটি  পেশার পেশাগত কর্মটি সঠিক ও সুচারুভাবে সম্পাদনের জন্য বুদ্ধির প্রয়োগ করতে হয়।বুদ্ধি ব্যতিরেকে কোন কাজই সম্পাদন সম্ভব নয়।সুতরাং সেই অর্থে একজন  পরিস্কার পরিচ্ছন্নতা কর্মী থেকে আরম্ভ করে পৃথিবীর সব সমাজ স্বীকৃত পেশাজীবী মানুষই বুদ্ধিজীবী।কারন বুদ্ধি দিয়েই প্রত্যেক পেশাজীবীর কর্ম সম্পাদনের মাধ্যমে জীবন ও জীবিকা নির্বাহ করতে হয়। একজন পাগল বা মস্তিষ্ক বিকৃত উন্মাদ মানুষ তার বুদ্ধির সঠিক প্রয়োগ করতে পারেনা বলেই তার দ্বারা আর্থিক বিনিময়ের মাধ্যমে বিশেষ কোন কার্য্য সম্পাদন করানো সম্ভবপর হয়না।যার ফলে এই শ্রেনীর মানুষ সমাজের পেশাজীবী শ্রেণীর আওতাভুক্ত নয়।
আমাদের দেশে বুদ্ধিজীবী শব্দটি যে অর্থে ব্যবহৃত তা একটি সামাজিক শ্রেণী বৈষম্যমূলক শব্দ।আমাদের সমাজে সাধারণত রাজনৈতিক ,সাংবাদিক ,বিশ্ববিদ্যালয় শিক্ষক ,সাংস্কৃতিক কর্মী ,সাহিত্যিক ,আমলা ,মানবাধিকার কর্মী,আইনজীবী এই শ্রেনীর পেশার অগ্রভাগের মানুষদের বুদ্ধিজীবী হিসেবে সম্বোধন করা হয়ে থাকে। যখন কোন বিশেষ পেশার মানুষকে এধরনের সম্বোধন করা হয় ও সামাজিক স্বীকৃতি দেওয়া হয় তখন ঐ ব্যক্তি বিশেষ নিজেকে সমাজের অন্য মানুষ থেকে আলাদা ভাবতে থাকে এবং নিজের মধ্যে এক শ্রেনীর বৈষম্যভাবাপন্ন অহংকারী মানুসিকতার উদয় ঘটায়।ফলে সমাজের কারখানার ঘাম ঝড়ানো বুদ্ধিদীপ্ত পেশাজীবী শ্রমিক থেকে আরম্ভ করে অন্যান্য প্রতিটি পেশাজীবী শ্রেনীর অবমূল্যায়ন করা হয়। তাছাড়া এই ধরনের সামাজিক স্বীকৃতির ফলে তথাকথিত বুদ্ধিজীবীদের মতামত ও কথার উপর সমাজের মানুষের মধ্য এক ধরনের বিশ্বস্ততা ও  আস্থার তৈরী হয় ,ফলে তারা ভুল বলুক আর সঠিক বলুক  সেই বিবৃতির উপর সামাজিক তথা রাষ্ট্রীয় জনমতের সৃ্ষ্টি হয়।এমন পর্যায়ে যখন একজন মানুষকে পৌঁছে দেওয়া হয় তখন তার মধ্যে সমাজ থেকে আর্থিক সুবিধা নেয়া বা আর্থিকভাবে লাভবান হওয়ার মনোবৃত্তির উদয় ঘটে। পরবর্তীতে এই অবস্থানকে পূঁজি করে রাষ্ট্রের সুবিধাভোগী টাউট ,বাটপার ব্যক্তি ও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং সমাজ বিরোধী গোষ্ঠীর পক্ষে বিশেষ সুবিধার বিনিময়ে  অন্যায়কে ন্যায়রূপে সমাজের মানুষের নিকট উপস্থাপন করে।ফলে সমাজে বিভাজন তৈরীর মাধ্যমে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।এই সামাজিক বিশৃঙ্খলার ফলে সুবিধাভোগী অসৎ রাষ্ট্রীয় শোষক শ্রেনী দুর্নীতি,লুটপাট করে পার পেয়ে যায়। এতে রাষ্ট্রীয় অর্থনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়ে কিন্তু মুষ্টিমেয় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা সুবিধাভোগী শ্রেণী ও এদের আশেপাশের মানুষগুলো অবৈধ ব্যক্তিগত সম্পদের পাহাড় বানিয়ে ফেলে।তৈরী হয় চরম অর্থনৈতিক বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা।সমাজকে চরম দুরাশার দিকে ঠেলে দিয়ে বিশেষ গোষ্ঠীর প্রতি অবদান রাখার স্বীকৃতিস্বরুপ এই সব সমাজসৃষ্ট তথাকথিত বুদ্ধিজীবীদের সম্মাননাস্বরূপ প্রদান করা হয় রাষ্ট্রীয় বিভিন্ন পদক।
আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট বিচার করলে উল্লেখিত আলোচনার সবকিছুই আজ বিদ্যমান। তথাকথিত বুদ্ধিজীবীদের চরিত্রের মধ্যে কোন এক সময় স্বাতন্ত্র্য ভাব লক্ষ্য করা গেলেও এখন তার লেশমাত্রও খুজে পাওয়া যায়না।এই সমাজসৃষ্ট বুদ্ধিজীবী মানুষগুলো এতটাই পেশাজীবী হয়েছেন যে তাদের পেশা অনেকটাই আইনজীবীদের পেশার স্বরূপ লাভ করেছে।একজন আইনজীবী যেমন পেশাগত কারণে অর্থের বিনিময়ে আদালতে একজন খুনিকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য তার পক্ষে কথা বলেন। ঠিক তেমনি আমাদের রাষ্ট্রের কথিত বুদ্ধিজীবীরা এখন যার যার সুবিধাভোগী মক্কেলদের পক্ষে কথা বলে থাকেন। যার ফলে এদের পরিচয়ের ক্ষেত্রেও আজ একটু ভিন্নতর রূপ এসেছে।উদাহরণ স্বরূপ বলা যায় ,লেখক আব্দুল গাফফার চৌধুরী যেহেতু আওয়ামিলীগের পক্ষে কথা বলেন তাই তাকে বলা হয়ে থাকে আওয়ামী বুদ্ধিজীবী অপর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজ উদ্দিন আহমেদ ,লেখক শফিক রেহমান যেহেতু বি এন পির পক্ষে কথা বলেন তাই তারা বি.এন.পি'মনা বুদ্ধিজীবী।কথিত বুদ্ধিজীবি সমাজের অবস্থা আজ যে রূপ লাভ করেছে তাতে অদূর ভবিষ্যতে এইসব বুদ্ধি ব্যবসায়ীরা সাংগঠনিকভাবে  আওয়ামী বুদ্ধিজীবীলীগ ,জাতীয়তাবাদী বুদ্ধিজীবীদল,জাতীয় বুদ্ধিজীবী সমাজ এভাবে আবির্ভাব হলেও অবাক হবোনা।
দেশে চলমান কিছু নির্মম হত্যাযজ্ঞে দেশের বিবেকবান মানুষদের হতবাক করেছে। দেশের প্রধান রাজনৈতিক দলের কর্ণধার ব্যক্তিরা তাদের চিরাচরিত ঐতিহ্য বজায় রেখে একে অপরকে এই ঘটনাগুলির জন্য দায়ী করে তাদের দায় সেরেছেন।অনেকেই ফেজবুকে ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই কথিত বুদ্ধিজীবী সমাজের এই সব নির্মম ঘটনাগুলোর প্রেক্ষাপটে কোন মন্তব্য বা প্রতিবাদ না দেখে হতাশ হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।এর পরিপ্রেক্ষিতে আমি অনেকটাই আশ্চর্য হয়েছি যে কেন এদের প্রতিক্রিয়ার জন্য আমরা অপেক্ষা করি। প্রতিটি মানুষেরই বুদ্ধি রয়েছে সেই বুদ্ধি কে কোথায় ব্যাবহার করবে তা একান্তই ব্যক্তি সিদ্ধান্তের উপর নির্ভর করে। যাদের প্রতিক্রিয়া কামনা করা হয়েছে তারা অনেক কারনেই নিশ্চুপ থাকতে পারেন : যেমন
 তারা হয়তো সুবিধাবাদী কোন গোষ্ঠীর সাথে চুক্তিবদ্ধ যার ফলে তার নিরপেক্ষ কোন মন্তব্য তার চুক্তিবদ্ধ মনিবের স্বার্থের পরিপন্থী হতে পারে।
তাছাড়া ইন্ডিয়ার একটি সাম্প্রদায়িক ঘটনাকে কেন্দ্র করে সেই দেশের শিল্পী সাহিত্যিকেরা প্রতিবাদস্বরূপ তাদের রাষ্ট্রীয় পদক ফেরত দিচ্ছেন কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবীদের যেহেতু  তাদের  পদক অর্জিত হয়  সুবিধাবাদী গোষ্ঠীর তোষামোদি ও তাদের গুণকীর্তনের ফলে তাই কোন মন্তব্য যদি এই গোষ্ঠির বিপরীতে যায় তাহলে তাদের পদক হয়তো কেড়ে নেয়া হতে পারে ,সেই ভয়েও কৌশলগত কারনে মৌনতা অবলম্বন করতে পারেন।
আবার যে সব বুদ্ধিজীবী সুবিধাবাদী গোষ্ঠীর নিকট দীর্ঘ সময় বুদ্ধি সেবা প্রদান করে সরাসরি রাষ্ট্রীয় ভোগ বিলাসের সুযোগ লাভ করেছেন কিন্তু বিশেষ মন্তব্যের ফলে যদি ভোগ বিলাসী জীবন থেকে বঞ্চিত করে আবার রাস্তায় নামিয়ে দেওয়া হয় সেই সংকায় নীরবতা অবলম্বন করতে পারে।
এমন অনেক কারনেই আমাদের পেশাজীবী বুদ্ধি ব্যবসায়ীরা সম্মিতভাবে কৌশলগত নীরব ভূমিকায় আছেন।
কিন্ত প্রতিটি অনাকাঙ্খিত নির্মম ঘটনায়  আমি অপেক্ষায়  থাকি  দেশের বিবেকবান মানুষের প্রতিক্রিয়া ও প্রতিবাদের। সাম্প্রতিক দীপন হত্যাসহ প্রতিটি নৃসংশ ঘটনায় দেশের শ্রমজীবী বুদ্ধিদীপ্ত বিবেকবান মানুষ থেকে শুরু করে প্রতিটি পেশার মনুষ্য হৃদয়সম্পন্ন বুদ্ধিজীবী মানুষের  প্রতিবাদ প্রতিক্রিয়ায় দারুনভাবে আশান্বিত হয়েছি।আমাদের সমাজে এই শ্রেণীর মানুষ  সংখ্যাগরিষ্ঠ হলেও প্রতিনিয়ত সংখ্যালঘিষ্ঠ নীতি বিবর্জিত সুবিধাভোগী অমানুষদের কাছে আজ আমরা প্রতিনিয়ত পরাজিত হচ্ছি।কারন সুবিধাবাদিরা সংঘবদ্ধ আর বিবেকবান শ্রেনী অসংগঠিত।যেদিন প্রতিটি  পেশার বিবেকসম্পন্ন  বুদ্ধিজীবী মানুষের ডাকে সাড়া দিয়ে সর্বস্তরের মানুষ বিভ্রান্ত থেকে বেড়িয়ে এসে সংঘবদ্ধভাবে প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত রাখতে পারবে সেদিন নিশ্চিত বিবেক বর্জিত সুবিধাবাদী গোষ্ঠীর পরাজয় ঘটবে।

শনিবার, ২২ আগস্ট, ২০১৫

অন্ধকার লক্ষ্যে ধাবমান যুবসমাজ এবং ছাত্রলীগ ও যুবলীগের আরজু ,আজিবর ,জাকির হত্যাকান্ড

সাম্প্রতিক সময়ে ছাত্রলীগ ও যুবলীগের আরজু ,আজিবর ,জাকির নামে তিন ফাইটার সরকারের কিলিং স্কোয়ার্ড(র্যাব)কর্তৃক হত্যার ঘটনায় স্বয়ং দলটির বিভিন্ন স্তরের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া এবং ছাত্রলীগ ও যুবলীগের প্রশিক্ষিত ফাইটারদের মধ্যে এক ঘোর আতংক বিরাজ করছে। এ নিয়ে দলের মধ্যেই চলছে দ্বিভক্তি আলোচনা সমালোচনা।


এমন পরিস্থিতিতে, আরজু ,আজিবর ,জাকির তোমাদের উদ্দেশ্য আজ কিছু কথা না বললেই নয়।জীবিত অবস্থায় তোমরা ছিলে আওয়ামেলীগ বা মুজিববাদী আদর্শের বীর সেনানী।বীরের মতই দম্ভ আর অহংকারে ভরা ছিলো তোমাদের জীবন।আওয়ামী জমিদারী শাসনতন্ত্রের এই আমলে দেশের বিভিন্ন অঞ্চলের নিযন্ত্রনের জন্য অস্ত্র সস্ত্রে সুসজ্জিত করে তোমাদের গুরুদায়িত্ব দেওয়া হয়েছিলো।সেই দায়িত্ব তোমরা দলের কমান্ডারদের (নেতাদের) নির্দেশে ও দলের প্রচলিত ধারা অনুযায়ী খুবই সুচারুভাবে পালন করে যাচ্ছিলে। সরকারী অফিসে টেন্ডারবাজী করেছো ,পুলিশ প্রশাসনকে নিজেদের প্রতিরক্ষা বাহিনী মনে করে পুলিশ কর্মকর্তাদেরকে গাধার মত ব্যাবহার করেছ ,বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি পেশী শক্তি দিয়ে ফাইটার নিয়ে ঝাপিয়ে পড়ে পন্ড করেছো ,দলের কর্মসূচির নামে  চাঁদা তুলেছো ও বঙ্গবন্ধুর জন্ম মৃত্যু বার্ষিকিতে কাঙ্গালী ভোজের নামে ব্যাবসায়ীদের কাছ থেকে বড় অংকের টাকা তুলেছো।খেটে খাওয়া পিতার শিক্ষিত বেকার যুবকের  পিয়ন ,ঝাড়ুদার ,কেরানী,শিক্ষক ,পুলিশের চাকুরি পাইয়ে দেবার জন্য স্থানীয় মান্যবর এমপির শ্নেহধন্য হিসেবে জনপ্রতি আট লক্ষ টাকায় মধ্যস্থ্য করেদিয়েছো।তোমরা দলের এমন সম্পদ ছিলে যে তোমাদের প্রশিক্ষিত ও দক্ষ অস্ত্র চালানো হাতের বুলেট মায়ের পেট বিদীর্ণ করে গর্ভস্থ শিশুকেও আঘাত হানতে সক্ষম ছিলো। তাই সময়ের প্রেক্ষাপটে বলা যায় তোমরা ছিলে দলের সময় উপযোগী শ্রেষ্ট সন্তান ।তোমাদের মৃত্যুকে তোমার নেতাদের কেউ বলছে তোমাদেরকে হত্যা করা হয়েছে, আবার কেউ বলছে তোমরা অস্ত্র হাতে রাষ্ট্রের কিলিং স্কোয়ার্ডের সাথে যুদ্ধে লিপ্ত হতে গিয়ে মারা গেছ। দল ক্ষমতায় থাকা অবস্থায় তোমাদের এই মৃত্যু আপাতদৃষ্টিতে কাম্য ছিলোনা,এটাইতো আমরা স্বাভাবিক ভাবে ভেবে থাকি।কিন্তু তোমরা ছিলে দলের আদর্শে বলিয়ান একনিষ্ঠ কর্মী। তাই জীবিত থাকা অবস্থায় যৌবনের বুদ্ধিদীপ্ত শ্রেষ্ট সময় দলের প্রয়োজন অনুয়ায়ী ব্যয় করেছ। জমিদারি শাসন ব্যাবস্থায় মাঝে মাঝে গনতন্ত্র গনতন্ত্র ন্যায় শাসনের ভাব ফুটিয়ে তোলার জন্য অন্য মতাদর্শীর মানুষের হত্যার পাশাপাশী কিছু নিজস্ব মতাদর্শের কর্মীর লাশও দলের প্রয়োজন হয়। তাই তোমরা আজ লাশ হয়ে দলের ন্যায় শাসনের ভাবমুর্তি বৃদ্ধিতে অবদান রেখে গেলে। কিন্তু তোমার মৃত্যুতে তোমার সহযোদ্ধাদের মধ্যে কিছুটা বেদনা,সহমর্মিতা,হাহাকার সৃষ্টি হলেও তোমার দলের নীতি নির্ধারনী মহল তোমাকে সন্ত্রাসীর তকমা দিয়েছে ।তোমার জীবন ও তোমার লাশ দ্বারা দল উপকৃত হলেও তোমাকে এখন থেকে মানুষের স্মৃতিতে একজন সন্ত্রাসী হিসেবে বেঁচে  থাকতে হবে। যে পিতা মাতা তোমার সুন্দর জীবন কামনা করে সুশিক্ষিত করে গড়ে তোলার জন্য ত্যাগ তিতিক্ষা করেছিলো আজ থেকে তোমার অর্জিত সন্ত্রাসী তকমার খ্যাতির দায়ভার তাদেরকেও বহন করতে হবে।তোমার অবিবাহিত বোনের সুন্দর জীবন তোমার জন্যই থমকে দাড়াবে। প্রতি বছর তোমার দলের বড় নেতাদের জন্মদিনে কেক কাটা হবে,মৃত্যু বার্ষিকীতে দলের কর্মীরা শোকের মাতম করবে,কাঙ্গালী ভোজের আয়োজন হবে যে উৎসবগুলোতে তোমারও একসময় সরব উপস্থিতি ছিলো।কিন্তু তোমার মৃত্যু বার্ষিকীতে কোন শোক সভা হবেনা,কবরে কোন পুষ্পগুচছ অর্পন হবেনা,তোমার জন্য তৈরি হবেনা কোন স্মৃতিস্তম্ভ,তোমার নাম লেখা হবেনা কোন ব্রিজ,কার্লবাট কিংবা সাকোঁর নাম ফলকে । কারণ দলের প্রয়োজনে তোমাকে সন্ত্রাসী বানানো হয়েছিলো এবং দলের প্রয়োজনেই তোমার জীবনটা কেড়ে নেওয়া হয়েছে। এখন হয়তো কবরে শুয়ে শুয়ে ভাবছো,যে মহামূল্যবান জীবন একটি বারের জন্য নিয়ে এই ধরায় এসেছিলে তা বোঝার আগেই এক ধোকাবাজীর খেলায় চক্করে পড়ে বিলিয়ে দিয়ে আসতে হলো। 

পরিশেষে বলতে চাই, আরজু ,আজিবর ,জাকির ওরা পবিত্র শিশু রুপে মাতৃগর্ভ থেকে বেরিয়ে বাংলার আলো বাতাসে বেড়ে উঠেছিলো।ওদের মাতৃদ্বয় অপঘাতে মৃত্যুর জন্য তাদের সন্তানকে দশ মাস দশ দিন পেটে ধরেছিলোনা। কিন্তু আজ দেশের করালগ্রাসী হাঙ্গর কুমিররূপী রাজনৈতিক দল ও নেতাদের স্বার্থানেষী ষড়যন্ত্রে আরজু ,আজিবর ,জাকিরের মত আমাদের যুবসমাজ আজ বিভ্রান্ত। হাজার হাজার মেধাবী তরুন আজ না বুঝে এই অন্ধকার লক্ষ্যের দিকে ধাবমান। এই ধারা কি এভাবেই বহমান থাকবে ……………. ?